চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে শিক্ষা খাতে গত ১৭ বছরে সংঘটিত দুর্নীতির বিস্তারিত তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন। জানান, শিক্ষাক্রম পরিমার্জনে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী বছর চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









