দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে আইপি ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানকে আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে তাদের প্রতিষ্ঠানের সিসিটিভি ও মনিটরিং-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাউশি বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









