বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। তবে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না করলে বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন না শিক্ষকরা।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে আবেদনসংক্রান্ত শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে।
বদলির আবেদনে যে ৭ শর্ত মানতে হবে
১. একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
২. ‘নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।
৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে চাইলে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হওয়া যাবে না।
৪. ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না।
৫. ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হওয়া যাবে না।
৬. বদলির আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে আবেদন করা যাবে না।
৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।
নির্ধারিত সাতটি শর্তের কোনোটি পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। তাই অনলাইনে আবেদন করার আগে নিজেদের তথ্য, কর্মস্থল ও যোগ্যতা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









