ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়োগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা হাতে ‘লালকার্ড’ নিয়ে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নিজস্ব কার্যক্রম শুরু করেছে। এমন পরিস্থিতিতে নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না।
শিক্ষার্থীরা জানান, তাদের পরীক্ষা এখনো আটকে রয়েছে। পাশাপাশি একাডেমিক মাইগ্রেশনসহ শিক্ষাজীবনের নানা বিষয় নিয়ে সংকট চলছে। এসব সমস্যার দ্রুত সমাধান চান তারা।
তাদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কোনো সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মানতে যাচ্ছি না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য লজ্জাজনক ও দুঃখজনক।’’
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল, বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে স্কুলিং মডেলে রূপান্তর এবং ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা। এ ছাড়া সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে দ্রুত প্রশাসনিক ভবন চালু এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে শুরু করার দাবি জানিয়েছেন তারা।
এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। একই দিনে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









