জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন, যা মোট পাসের হার ৮০.৩৬ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন।
বিভাগভিত্তিক প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগে ৬৫ হাজার ৩৩৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছে।
ফল জানার উপায়
এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: NU <space> ATHN <space> Admission Roll এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এছাড়া অনলাইনে ফল জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে “Honours Tab” থেকে “Admission Test Result” অপশনে প্রবেশ করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটের “Prospectus (Honours)” এবং “Important Notice” অপশন থেকে পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









