নদী ও জাহাজিদের জীবনকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মাস্তুল’-এর প্রচারণায় যুক্ত হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’। গানটির নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।
সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, ‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে নদী ও ভাসমান মানুষের জীবনকে ঘিরে। সেই আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত গান খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে পল্লীকবির এই জনপ্রিয় সৃষ্টিটি।
নির্মাতার ভাষ্য, শুরুতে নতুন গান তৈরির পরিকল্পনা থাকলেও আলোচনার একপর্যায়ে বারবার উঠে আসে ‘আমায় ভাসাইলি রে’-এর নাম। পরে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এটিকেই চূড়ান্ত করা হয়। গানটির নতুন সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব।
গানটি গাওয়া প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, সিনেমাটিতে সংগ্রামী জীবনের গল্প উঠে এসেছে। নির্মাতার চাহিদা অনুযায়ী প্রমোশনের জন্য তার কণ্ঠে গানটি যুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, আগে থেকেই গানটির কিছু অংশে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা ছিল তার। এ সিনেমায় কোনো সংলাপ না থাকলেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। গান ও অভিনয় মিলিয়ে ছবিটি নিয়ে আশাবাদী এই অভিনেতা।
গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ারের পর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা।
আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে। এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘আমায় ভাসাইলি রে’ প্রকাশের মাধ্যমে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









