একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে সাদাত মনোয়ার।
সোমবার (২৯ জুন) দুপুরে হাসপাতালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল জানাজা শেষে মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর পরিবারের ইচ্ছা অনুযায়ী বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন তিনি। ১৪ জুন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তিনি না-ফেরার দেশে পাড়ি জমান।
১৯৩৫ সালে মাগুরায় জন্ম নেওয়া মুস্তাফা মনোয়ার ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। তিনি চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং বিশেষ করে বাংলাদেশে পাপেট বা পুতুলনাচ শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









