ক্রিকেট মাঠের পর টেলিভিশনের পর্দাতেও নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন সৌরভ গাঙ্গুলি। দাদাগিরি’র ১০টি সিজনের মধ্যে ৯টির সঞ্চালক ছিলেন তিনি। প্রায় দেড় দশক পর জনপ্রিয় এই অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছেন সৌরভ। এবার তার জায়গায় সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় অভিনেতা দেব। বিষয়টি নিয়ে দর্শক ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
রবিবরি (১ জুলাই) অনুষ্ঠিত হয় ‘দাদাগিরি’র ১১তম সিজনের প্রথম পর্বের শুটিং। সেখানে সাংবাদিকরা দেবকে ‘বাংলার নতুন দাদা’ বলে সম্বোধন করলে তিনি হাসিমুখে বলেন, ‘নতুন দাদা কি না জানি না, তবে নতুনভাবে আসছি।’
সৌরভ গাঙ্গুলির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে দেব জানান, ‘দাদা আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। আমি এই দায়িত্ব নিয়েছি বলে তিনি খুবই খুশি। আমাদের সম্পর্ক সবসময়ই ভালো। আমি দাদাকে রিপ্লেস করিনি। সবাই আরও ভালো কিছু চায়। দাদার মনে হয়েছে একভাবে, চ্যানেলেরও কিছু ভাবনা ছিল, আমারও তেমনই মনে হয়েছে। যা হয়, ভালোর জন্যই হয়। আমি খুব খুশি।’
দর্শকদের উদ্দেশে দেব বলেন, ‘গত ১০টি সিজনের মতোই ১১তম সিজনও যেন দর্শকদের ভালো লাগে, বরং আরও ভালো করতে পারি—সেই চেষ্টা থাকবে।’
তিনি আরও বলেন, ‘দাদাগিরি’ বাংলার অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো। দীর্ঘ ১৮ বছর ধরে এটি দর্শকদের ভালোবাসা পেয়েছে। বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ—সব শ্রেণির দর্শকের কাছেই অনুষ্ঠানটি সমান জনপ্রিয়। আমি এবং আমার টিম সর্বোচ্চ চেষ্টা করব দর্শকদের সেই আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখতে।’
এবার শুধু সঞ্চালকই নয়, বদল এসেছে অনুষ্ঠানের টাইটেল ট্র্যাকেও। শুরু থেকে যে গানটি অরিজিৎ সিংয়ের কণ্ঠে শোনা যেত, নতুন সিজনে তার পরিবর্তে শোনা যাবে ঈশান মিত্রের কণ্ঠ। ‘দাদাগিরি’র ১১তম সিজনের প্রথম পর্ব প্রচার হবে আগামী ৫ জুলাই রাত ৯টায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









