বয়স ৭১। বার্ধক্যজনিত নানা অসুস্থতার সঙ্গে লড়াই করলেও গানই তার প্রাণ। শারীরিক ও মানসিকভাবে ভালো থাকলে তিনি নিয়মিতই গানে যুক্ত থাকেন। তিনি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
ফের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শনিবার (জুলাই) ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। গানের কথা লিখেছেন জমাদ্দার সবুজ এবং সুর ও সংগীতায়োজন করেছেন জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সালমান রাজ।
নতুন গানটি নিয়ে একটি ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। গানটি যখন পাই, তখনই শুনে ভালো লেগেছিল। এর সুর দারুণ, কথাও সুন্দর। জীবন ওয়াসিফ একজন মেধাবী সুরকার। আমি চাই, তার নাম আরও ছড়িয়ে পড়ুক। ভবিষ্যতেও তার সঙ্গে আরও গান করার ইচ্ছা আছে।
উল্লেখ্য, সমসাময়িক অনেক শিল্পীকেই হারিয়েছেন সাবিনা ইয়াসমিন। তবে তার সুরেলা কণ্ঠ আজও চিরসবুজ। তাই নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গেও তিনি নিয়মিত গান করছেন। প্রায়ই তার নতুন গানের খবর পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









