ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায়। এবার বিয়ের সাড়ে তিন মাস পর মা হলেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের আলোচিত এই অভিনেত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মা হওয়ার সংবাদটি ভাগ করে নিয়েছেন সুস্মিতা। পঞ্চমবার বিয়ের সাড়ে তিন মাসের মাথায় মা হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সংসার শুরু করার কিছুদিনের মধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন সুস্মিতা। সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দীর্ঘ সাত বছরের অপেক্ষা, প্রথম সন্তানকে হারানোর বেদনা এবং মাতৃত্বের সংগ্রামের কথাও তুলে ধরেছেন আবেগঘন এক পোস্টে।
২০১৯ সালের ১৯ মার্চ প্রথম সন্তান হারানোর স্মৃতি এখনো তাকে তাড়িয়ে বেড়ায় বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সেই বেদনার কথা স্মরণ করে তিনি লেখেন, ‘‘২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম।’’
প্রথমবারের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার আড়ালে রেখেছিলেন বলে জানান সুস্মিতা। সন্তানের নিরাপদ জন্মের পরই সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
পোস্টে স্বামী শুভাশিস দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে সুস্মিতা লেখেন, ‘‘যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাক শোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল।’’
গত ৬ মার্চ শুভাশিস দের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুস্মিতা। বিয়ের সময় সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। সেদিক থেকে বিয়ের সাড়ে তিন মাস পরই দিলেন সুখবর।
তবে সব বিতর্ক পেছনে ফেলে মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









