শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিদায়ী সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ বাক্য পাঠ করান। পরে শিবা সানু নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যকে শপথ পাঠ করান।
তবে ঢাকার বাইরে থাকায় নবনির্বাচিত সহসভাপতি ইলিয়াস কোবরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা কাজী হায়াত মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
কাজী হায়াত বলেন, আমি বিগত শিল্পী সমিতি নির্বাচনের আপিল কমিটির সদস্য ছিলাম। আমার দৃষ্টিতে নির্বাচনটি সুন্দর ও সুষ্ঠু হয়েছে। তাই আপিল কমিটির সদস্য হিসেবে নবনির্বাচিত কমিটিকে শপথ গ্রহণের অনুমতি দিচ্ছি।
নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু বলেন, নির্বাচনের পর আলোচনা-সমালোচনা থাকবেই। তারপরও আমার বিশ্বাস, একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার সহযোগী খোরশেদ আলম খসরু, বি এইচ নিশানসহ আমরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছি। এ ক্ষেত্রে সাবেক সভাপতি মিশা সওদাগরের সহযোগিতা ছিল সবচেয়ে বেশি।
অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক ও সংগঠক খোরশেদ আলম খসরু নতুন কমিটির প্রতি চলচ্চিত্রের স্বার্থে নীতিমালা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিদায়ী সভাপতি মিশা সওদাগর নতুন কমিটির সদস্যদের নিয়মিত সভায় উপস্থিত থাকার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন, শিবা সানু ও জয় চৌধুরীর নেতৃত্বে শিল্পী সমিতি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।
গত ৩ জুলাই অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২০২৬–২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হন শিবা সানু এবং সাধারণ সম্পাদক হন জয় চৌধুরী। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা।
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কমল।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি উজ্জ্বল, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, ছটকু আহমেদ এবং অভিনেতা হেলাল খানসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









