অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ অত্যন্ত জনপ্রিয় একটি নাম। ২০১৬ সালে মুক্তি পাওয়া ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে।
প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমাটির সিক্যুয়েল ‘মোয়ানা ২’ ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পেয়ে বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে। এবার দর্শকদের সামনে আসছে সিনেমাটির লাইভ-অ্যাকশন সংস্করণ।
পরিচালক টমাস কাইল নির্মিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘মোয়ানা’-এর লাইভ-অ্যাকশন সংস্করণ আন্তর্জাতিকভাবে ১০ জুলাই মুক্তি পেয়েছে। একই দিনে এটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লাইভ-অ্যাকশন সংস্করণের অন্যতম আকর্ষণ মাউই চরিত্রে ডোয়াইন জনসনের অভিনয়। ২০১৬ সালের অ্যানিমেটেড চলচ্চিত্রে তিনি এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে মাউই হয়ে হাজির হয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে ডোয়াইন জনসন বলেন, লাইভ-অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ অভিজ্ঞতাগুলোর একটি। তার ভাষায়, পর্দায় বাস্তব মানুষের মাধ্যমে পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন।
তিনি জানান, গত এক দশকে বাবা হিসেবে জীবনের নানা অভিজ্ঞতা চরিত্রটিকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। পাশাপাশি মাউই চরিত্রে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি এবং হাওয়াইয়ে কাটানো শৈশবের স্মৃতিও খুঁজে পান।
অন্যদিকে, বিশ্বের ৩২ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে কাস্টিংয়ের মাধ্যমে মোয়ানা চরিত্রে নির্বাচিত হয়েছেন নবাগত ক্যাথরিন লাগাইয়া।
পরিচালক টমাস কাইল জানান, প্রথম অডিশনেই ‘হাউ ফার আই’ল গো’ গান পরিবেশনের মাধ্যমে তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন।
অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন বলেন, শৈশব থেকেই মোয়ানা তার অনুপ্রেরণার চরিত্র। সাহস, কৌতূহল ও আত্মবিশ্বাসের প্রতীক এই চরিত্রের সঙ্গে তিনি সহজেই নিজেকে একাত্ম করতে পেরেছেন।
চলচ্চিত্রটির গল্পের কেন্দ্রে রয়েছে সাহসী কিশোরী মোয়ানা। নিজের দ্বীপ ও জনগণকে রক্ষার জন্য সে বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। এ অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধদেবতা মাউই। নানা প্রতিকূলতা পেরিয়ে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে। মূল অ্যানিমেটেড সংস্করণের মতোই পরিবার, দায়িত্ববোধ, আত্মপরিচয় ও সাহসের বার্তাকে লাইভ-অ্যাকশন সংস্করণেও গুরুত্ব দেওয়া হয়েছে।
মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সেই উচ্ছ্বাস ইঙ্গিত দিচ্ছে, লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ও বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









