বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন।
শিল্পকলা একাডেমির ধারাবাহিক বিশেষ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানের বিষয়টি একাডেমি ও শিল্পীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক কাজে এক মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফিরেই এই বিশেষ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
জানা গেছে, অনুষ্ঠানে ছয় দশকের বেশি দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন এই বরেণ্য শিল্পী। তার ক্যারিয়ারের বিভিন্ন সময়ের আলোচিত গানগুলোই থাকবে পরিবেশনার তালিকায়।
গত বছর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বরেণ্য সংগীতশিল্পীদের নিয়ে ধারাবাহিক একক গানের আয়োজন করে আসছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চে উঠছেন রুনা লায়লা।
অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’
এদিকে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে রুনা লায়লার। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









