বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও বরাবরই সচেতন। ব্যস্ত শুটিং সূচি কিংবা মাতৃত্ব—কোনো কিছুই তার নিয়মিত শরীরচর্চায় ছেদ ফেলতে পারেনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার কঠোর অনুশীলনের একটি ভিডিও, যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
সম্প্রতি আলিয়ার ব্যক্তিগত প্রশিক্ষক করণ সাহনি ইনস্টাগ্রামে অভিনেত্রীর শরীরচর্চার কয়েকটি মুহূর্ত শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, জিমে বিভিন্ন ধরনের কঠিন ব্যায়াম করছেন আলিয়া। কখনো শক্তি বাড়ানোর অনুশীলন, কখনো ভারসাম্য রক্ষার ব্যায়াম—প্রতিটি ধাপেই তাকে আত্মবিশ্বাসী ও মনোযোগী দেখা গেছে।
ভিডিওতে আলিয়ার পরনে ছিল একটি হল্টারনেক ক্রপ টপ ও কালো শর্টস। চুল খোঁপা করে বাঁধা, মুখে ছিল না কোনো মেকআপ। একেবারে সাধারণ লুকেই নিজের অনুশীলনে মনোযোগী ছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশনধর্মী চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতেই দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন আলিয়া। এর আগে ‘জিগরা’ সিনেমায় একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘আলফা’ সিনেমার জন্যও বিশেষভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন।
এক সাক্ষাৎকারে করণ সাহনি জানান, আলিয়াকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তিনি একই সঙ্গে ছিপছিপে, ফিট এবং অ্যাকশন দৃশ্যের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন।
যদিও ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবে ছবিটির জন্য আলিয়ার কঠোর পরিশ্রম ও ফিটনেসচর্চা ব্যাপক প্রশংসা পেয়েছে। ভাইরাল হওয়া নতুন ভিডিওটিও সেই পরিশ্রমের আরেকটি প্রমাণ বলে মনে করছেন অনেকেই।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা আলিয়ার প্রশংসায় ভাসছেন। অনেকের মতে, মা হওয়ার পরও যেভাবে নিয়মিত শরীরচর্চার মাধ্যমে নিজেকে ফিট রেখেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আবার কেউ কেউ বলছেন, পর্দায় অ্যাকশন দৃশ্যে আলিয়ার স্বচ্ছন্দ উপস্থিতির পেছনে রয়েছে এই কঠোর অনুশীলন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









