একজন অভিনেতার জীবনে কিছু চরিত্র থাকে, যা তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চরিত্রই কখনো কখনো হয়ে ওঠে অস্বস্তির কারণ।
হলিউড অভিনেতা জেসি আইজেনবার্গের কাছে মার্ক জাকারবার্গ ঠিক তেমনই এক নাম। ২০১০ সালের আলোচিত চলচ্চিত্র দ্য সোশ্যাল নেটওয়ার্ক-এ ফেসবুক প্রতিষ্ঠাতার ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু দেড় দশক পর এসে আইজেনবার্গ বলছেন, মার্ক জাকারবার্গের সঙ্গে নিজেকে আর জড়াতে চাই না।
চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড গ্রহণের সময় আইজেনবার্গ জানান, অ্যারন সরকিন নির্মিত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর সিক্যুয়েলে অভিনয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।
এন্টারটেইনমেন্ট উইকলি–এর প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে আইজেনবার্গ স্মরণ করেন, ২০১০ সালে ডেভিড ফিঞ্চার পরিচালিত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এ অভিনয়ের সময় মার্ক জাকারবার্গ সাধারণ মানুষের কাছে খুব বেশি পরিচিত ছিলেন না। আইজেনবার্গ বলেন—
‘তখন সিনেমাটি আমার কাছে বেশ অদ্ভুত মনে হয়েছিল, কারণ প্রায় কেউই জানত না তিনি কে’।

তার ভাষ্য, সে সময় জাকারবার্গ মাত্র একটি টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছিলেন—যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনুষ্ঠান 60 Minutes-এ। জনপরিসরেও তার উপস্থিতি ছিল খুবই সীমিত। ফলে তিনি জাকারবার্গকে দেখেছিলেন কেবল ‘একজন আকর্ষণীয় চরিত্র’ হিসেবে।কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেছে।
‘এখন তিনি বিশ্বের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব। আমি আর এই সিনেমা করতে চাই না। তার সঙ্গে আর কোনোভাবেই যুক্ত থাকতে চাই না, কারণ এই তুলনাটা আমার একদমই ভালো লাগে না’।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে
শুধু জাকারবার্গ নন, সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান রূপ নিয়েও অস্বস্তির কথা বলেন আইজেনবার্গ।
তার দাবি, তিনি কখনোই এই ডিজিটাল জগতের অংশ হতে চাননি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তার সবসময়ই অস্বস্তি লাগে।
পৃথিবীতে সম্ভবত আর কেউ নিজের সম্পর্কে আমার মতো এত কথা বলতে বাধ্য হয় না। এ কারণেই আমি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে নেই বলেন তিনি।
ফেসবুক কিংবা এক্স (সাবেক টুইটার)-এর মতো প্ল্যাটফর্মের প্রতি নিজের অনীহার কথাও স্পষ্টভাবে তুলে ধরেন এই অভিনেতা।‘সাক্ষাৎকার বা জনসমক্ষে নিজের সম্পর্কে কথা বলাই আমার জন্য যথেষ্ট অস্বস্তিকর। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমের পুরো বিষয়টাই আমাকে ভয় পাইয়ে দেয়। আমি এটাকে ভয়ংকর মনে করি’। তার মতে, এই অস্বস্তি আরো বেড়ে যায় যখন তিনি ভাবেন, এই ভার্চুয়াল বিশ্বের স্রষ্টা কে।

‘আমি মনে করি, এই ওয়েবসাইটের নির্মাতা মানুষের প্রতি সত্যিকারের যত্নশীল নন। যদি এই মানুষটিই ওই বিশ্বের নির্মাতা হন, তাহলে আমি সেই পৃথিবীর অংশ হতে চাই না।’
জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং
আইজেনবার্গের না বলায় ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর নতুন চলচ্চিত্রে মার্ক জাকারবার্গের ভূমিকায় দেখা যাবে সাকসেশন–খ্যাত অভিনেতা জেরেমি স্ট্রংকে।
অ্যারন সরকিন রচিত ও পরিচালিত নতুন ছবির নাম ‘প্রাইস অব দ্য নেট’। ভ্যানিটি ফেয়ার–কে সরকিন জানান, প্রথমে তিনি আইজেনবার্গকেই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় স্ট্রং আগ্রহ প্রকাশ করেন।
৯ অক্টোবর, ২০২৬ মুক্তির কথা রয়েছে ছবিটির। এটি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর সরাসরি সিক্যুয়েল নয়; বরং সহগল্প হিসেবে নির্মিত হচ্ছে। ছবিটির কাহিনি অনুপ্রাণিত হয়েছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’–এর বহুল আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য ফেসবুক ফাইলস’ থেকে, যেখানে ফেইসবুকের অভ্যন্তরীণ নানা কার্যক্রম ও বিতর্কিত বিষয়গুলো চলচ্চিত্রে দেখতে পাবেন দর্শক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









