বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
বিয়ের ছবির ক্যাপশনে মিস্টার বিস্ট লিখেছেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি এবং এটি ছিল আমার জীবনের সেরা দিন।’
পর্দায় বিশাল বাজেটের আয়োজনের জন্য পরিচিত হলেও ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তটি একেবারেই ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন তিনি। দুই পরিবারের সদস্য এবং অতি ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের দিনে থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ওপর ফুল ও লেসের নকশা করা গাউন। আর মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সারেন এই যুগল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম *People*-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি বলেছিলেন, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো কোনো বিশাল আয়োজনের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেবেন। তবে তিনি চেয়েছিলেন মুহূর্তটি হোক একান্ত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ।
জিমি ও থিয়ার পরিচয় হয় দক্ষিণ আফ্রিকায়, এক সাধারণ বন্ধুর মাধ্যমে। পরে মিস্টার বিস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থিয়াকে বার্তা পাঠান। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। এক বছর পর জিমি বিয়ের প্রস্তাব দিলেও থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর শেষ করার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়ের আগে থিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মনে হয় আমরা মানসিকভাবে আগেই বিবাহিত। আমাদের ভবিষ্যৎ, সন্তান এবং বার্ধক্য—সবকিছু নিয়েই আমরা একসঙ্গে ভাবি। এই আনুষ্ঠানিকতা শুধু আমাদের সম্পর্কের আরেকটি ধাপ।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









