দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, টালিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার এতটাই গভীর বন্ধুত্ব যে, পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে কখনো কখনো অসুবিধা হয়।
সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, “আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে সমস্যা হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না। আমাদের বন্ধুত্বটা এতটাই।”
আবীর সম্পর্কে জয়া আরও বলেন, তিনি তার প্রিয় বন্ধু ও পছন্দের সহশিল্পী। তাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে, যা একসঙ্গে কাজ করাকে সহজ করে তোলে। তবে সেই ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণেই রোমান্টিক দৃশ্যে চরিত্রের আবেগে ঢুকতে কখনো কখনো বেগ পেতে হয়।
জয়া ও আবীর এর আগে বিসর্জন, বিজয়া এবং পুতুল নাচের ইতিকথাসহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের প্রশংসা পেয়েছে, তেমনি বাস্তব জীবনেও তাদের বন্ধুত্ব বেশ দৃঢ়।
সাক্ষাৎকারে আবীরের ব্যক্তিত্বের প্রশংসা করে জয়া বলেন, তিনি একজন ভদ্র, নির্ঝঞ্ঝাট মানুষ, যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবন সুন্দরভাবে সামলে চলেন।
প্রেম নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করেন জয়া। তার ভাষায়, “পরকীয়া-আপনকীয়া এগুলো আমি বুঝি না। প্রেম আমার কাছে প্রেম, যদি সেটায় প্রেম থাকে, ভালোবাসা থাকে।”
এদিকে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অর্ধাঙ্গিণী-এর সাফল্যের পর সম্প্রতি মুক্তি পেয়েছে এর সিক্যুয়েল **আজও অর্ধাঙ্গিণী**। এতে ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং অম্বরীশ ভট্টাচার্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









