জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। প্রতিদিনই এ সংকট নতুন মাত্রা নিচ্ছে। এর প্রভাব পড়ছে জ্বালানি পরিবহনের বিমা প্রিমিয়াম ও জাহাজ ভাড়াতেও।”
তিনি বলেন, “এই পরিস্থিতিতে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পক্ষে এ মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না।”
জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের যে কষ্ট হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “এমন একটি সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। জনগণের জীবনমানের কষ্ট লাঘবের অভিপ্রায়েই রাজনীতিতে এসেছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের যে কষ্ট হবে, এটি আমি উপলব্ধি করি।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “সরকার উপায়হীন না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চাইত না। তবে চলমান সংকট দ্রুত কেটে যাবে।”
পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করে আগের পর্যায়ে ফিরিয়ে আনা, এমনকি সম্ভব হলে আরও কমানোর চেষ্টা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









