বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের জন্মদিন শনিবার (১ আগস্ট)। প্রেম, বিরহ ও জীবনের নানা অনুভূতির গান দিয়ে প্রায় তিন দশক ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী আজও বাংলা গানের অন্যতম জনপ্রিয় নাম।
মনির খানের শিক্ষাজীবনের শুরু গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি হাকিমপুর উচ্চ বিদ্যালয় এবং যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর বহরাম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৮৭ সালে এসএসসি এবং ১৯৯০ সালে কোটচাঁদপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে একই কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।
সংগীতের প্রতি ভালোবাসা থেকেই স্থানীয় পর্যায়ে তার গানের চর্চা শুরু। পরে ওস্তাদ রেজা খসরুর কাছে প্রাতিষ্ঠানিকভাবে সংগীতের তালিম নেন। পাশাপাশি চক্রবর্তী, ইউনুস আলী মোল্লা ও খন্দকার এনায়েত হোসেনসহ একাধিক গুণী সংগীতজ্ঞের কাছে সংগীতের বিভিন্ন দিক শেখেন। এই দীর্ঘ প্রস্তুতিই তার সংগীতজীবনের শক্ত ভিত্তি গড়ে দেয়।
১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ শিরোনামের একক অ্যালবামের মাধ্যমে বাণিজ্যিকভাবে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন মনির খান। তবে এর আগেই বাংলাদেশ বেতারসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করতেন। প্রথম অ্যালবাম প্রকাশের পরই ব্যাপক জনপ্রিয়তা পান এবং দ্রুতই দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পীতে পরিণত হন।
প্রেম, বিরহ, আবেগ ও জীবনের গল্প সহজ-সরল ভাষায় গানে তুলে ধরাই তার জনপ্রিয়তার অন্যতম কারণ। বিশেষ করে ‘অঞ্জনা’ গানটি আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে এবং তার ক্যারিয়ারের অন্যতম পরিচিত গান হিসেবে বিবেচিত।
দীর্ঘ সংগীতজীবনে মনির খান ৪৩টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। পাশাপাশি তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। বাংলা চলচ্চিত্রেও তার অবদান উল্লেখযোগ্য। চার শতাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। এ ছাড়া কয়েক শতাধিক একক মিউজিক ভিডিও প্রকাশ করেছেন, যা দেশ-বিদেশের বাংলা গানের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের কাছ থেকে পেয়েছেন অসংখ্য সম্মাননা।
ব্যক্তিজীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছেন এই শিল্পী। দীর্ঘ সংগীতজীবনের পরও নতুন গান ও মঞ্চ পরিবেশনার মাধ্যমে নিয়মিত শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মের কাছেও নিজের জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন এই গুণী শিল্পী। জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগীতজীবনের আরও সাফল্য কামনা করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









