সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ৯২৭ মিলিয়ন ডলার (প্রায় ৬৮৭ মিলিয়ন পাউন্ড) আয় করেছে। এর ফলে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী উদ্বোধনী সপ্তাহান্তের সিনেমা হয়ে উঠেছে।
এই তালিকায় শীর্ষে রয়েছে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যা মুক্তির প্রথম সপ্তাহান্তে ১.২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। ‘ব্র্যান্ড নিউ ডে’ ইতোমধ্যে তার আনুমানিক ২২৫ মিলিয়ন ডলারের নির্মাণ ব্যয় অনেক আগেই পুষিয়ে ফেলেছে।
টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত এই সিনেমাটি উত্তর আমেরিকাতেও বড় সাফল্য পেয়েছে। সেখানে ছবিটি প্রথম সপ্তাহান্তে ৩৩৫ মিলিয়ন ডলার আয় করেছে, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড।
মার্ভেল স্টুডিওর জন্য এই সাফল্য বিশেষ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মার্ভেল সিনেমা প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি। তাই আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির আগে ‘ব্র্যান্ড নিউ ডে’র সাফল্য স্টুডিওকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে।
ছবিটির গল্প ২০২১ সালের জনপ্রিয় সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর কয়েক বছর পরের ঘটনা নিয়ে তৈরি। এতে পিটার পার্কারকে দেখা যায় এমন এক জগতে অপরাধের বিরুদ্ধে লড়াই করতে, যেখানে মানুষ ভুলে গেছে যে সে-ই মুখোশধারী স্পাইডার-ম্যান।
সমালোচকদের কাছ থেকেও ছবিটি বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই বলেছেন, টম হল্যান্ডের অভিনয় করা স্পাইডার-ম্যান চরিত্রের মধ্যে এটি অন্যতম সেরা।
পরিবেশক সংস্থা সনি পিকচার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে ৭৩ হাজারের বেশি পর্দা থেকে সিনেমাটি ৫৭২ মিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে শুধু চীন থেকেই এসেছে ১২১ মিলিয়ন ডলার। যুক্তরাজ্যে প্রথম সপ্তাহান্তে টিকিট বিক্রি হয়েছে প্রায় ৪৯ মিলিয়ন ডলারের।
মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফেইগ এই সাফল্যকে “অসাধারণ” বলে উল্লেখ করেছেন। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সিনেমাটিকে যেভাবে বড় পর্দায় দেখার জন্য তৈরি করা হয়েছে, সেভাবেই উপভোগ করেছেন।
স্পাইডার-ম্যান এখনো মার্ভেলের সবচেয়ে লাভজনক চরিত্রগুলোর একটি। ২০২১ সালের ‘নো ওয়ে হোম’ বিশ্বব্যাপী প্রায় ২ বিলিয়ন ডলার আয় করেছিল।
করোনা মহামারির পর সিনেমা হলে দর্শক কমে যাওয়ার প্রবণতা দেখা গেলেও চলতি বছর বড় পর্দার ব্যবসা আবার ঘুরে দাঁড়াচ্ছে। ‘টয় স্টোরি ৫’, ‘মাইকেল’ এবং ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’র মতো সিনেমা ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
জুলাইয়ে মুক্তি পাওয়া ‘ব্র্যান্ড নিউ ডে’ এবং পরিচালক ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক গ্রিক কাহিনিভিত্তিক সিনেমা ‘দ্য ওডিসি’—দুটিই ১ বিলিয়ন ডলারের আয়ের পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









