বাংলাদেশের প্রবীণ ও জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রীনা রহমান আর ইও নেই। গত সোমবার (৩ আগস্ট) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে দেশের সাংস্কৃতিক ও নাট্যাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ১৯৭৪ সালে অভিনয় জীবনে পদার্পণ করেন রীনা রহমান।
তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) 'বিশেষ' শ্রেণি ক্যাটাগরির নিয়মিত শিল্পী ছিলেন। বিটিভির পাশাপাশি বিভিন্ন বেসরকারি চ্যানেলের অসংখ্য নাটকে তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতারেও নিয়মিত কাজ করেছেন।তাঁর অভিনয়ের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভিতে প্রচারিত সাড়া জাগানো নাটক ‘দুর্বুদ্ধি’ ও ‘কলংক’। এ ছাড়া ‘আনারকলি’, ‘আমার বাবার নাম’, ‘ঘানি’, ‘ঘায়েল’ ইত্যাদির মতো বিশেষ চলচ্চিত্রেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। দীপ্ত চ্যানেলে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’ এবং ‘পরম্পরা’-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এর মধ্যে ‘পরম্পরা’ নাটকের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন, তবে মাস কয়েক আগে অসুস্থতার কারণে তা থেকে বিরত হন।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। চলতি বছরের ১৯ জানুয়ারি তিনি চিকুনগুনিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হন। চিকিৎসায় কিছুটা সুস্থবোধ করলেও পরবর্তীতে গত ৩ ফেব্রুয়ারি তাঁর হার্ট অ্যাটাক হয়।
সবশেষ গতকাল রাতে সকল মায়ার বাঁধন কাটিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। একজন রীনা রহমান হয়তো অভিনয়ে আরও আসতে পারেন, কিন্তু তাঁর মতো অভিনয়শৈলী, কৃতিত্ব ও নিবেদন সহজে মিলবে না। তাঁর এই শূন্যতা পূরণ হওয়ার নয়—এমনটাই বলছেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









