ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী হাতে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চোটের গভীরতা বেশি হওয়ায় জরুরি ভিত্তিতে তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিঠুন চক্রবর্তীর হাতের অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চিকিৎসকেরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে ঠিক কীভাবে তিনি হাতে আঘাত পেয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। শুটিং সেটে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
‘মহাগুরু’খ্যাত এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করছেন তার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী। তবে বর্তমানে তিনি ভালো আছেন—এ খবর স্বস্তি দিয়েছে তাদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









