‘কিলার অব দ্যা ফ্লাওয়ার মুন’ সিনেমার কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের প্রায় তিন বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসি। চেক প্রজাতন্ত্রে গত মাসে শুরু হয়েছে তার নতুন ছবি ‘হোয়াট হেপেন্স এট নাইট’-এর কাজ।
ছবিটি নির্মিত হচ্ছে পিটার ক্যামেরনের রহস্যময় ও ভৌতিক আবহের উপন্যাস ‘হোয়াট হেপেন্স এট নাইট’ অবলম্বনে। চিত্রনাট্য লিখেছেন প্যাট্রিক মারবার। প্রধান চরিত্রে অভিনয় করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স। আরো রয়েছেন ম্যাডস মিকেলসেন, প্যাট্রিশিয়া ক্লার্কসন ও জ্যারেড হ্যারিস।
ছবিটি স্করসেসির সঙ্গে এ্যাপল অরিজিনাল ফ্লিমস-এর পুনর্মিলনও ঘটাচ্ছে। স্টুডিওক্যানাল-এর সঙ্গে যৌথভাবে এ্যাপল ছবিটির অর্থায়ন ও প্রযোজনা করছে। এটি একটি গথিক মনস্তাত্ত্বিক হররধর্মী সিনেমা। স্করসেসির দীর্ঘদিনের সহযোগী চিত্রগ্রাহক রদ্রিগো প্রিয়েতো এবং সম্পাদক থেলমা স্কুনমেকারও আবার তার সঙ্গে কাজ করছেন।
শুটিং শুরু হওয়ার পর ছবিটির প্রথম ঝলকও প্রকাশিত হয়েছে। তুষারে ঢাকা পরিবেশে ডিক্যাপ্রিও ও লরেন্সকে দেখা যাচ্ছে। স্করসেসির সঙ্গে ডিক্যাপ্রিওর এটি হবে সপ্তম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রাগে শুটিং কবে শেষ হবে, তা এখনো জানা যায়নি। তবে স্করসেসির পোস্ট-প্রোডাকশনে সাধারণত দীর্ঘ সময় লাগায় ছবিটি ২০২৭ সালের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম।
গল্পে কী আছে?
উপন্যাসের গল্পে এক আমেরিকান দম্পতি একটি শিশুকে দত্তক নিতে তুষারে ঢাকা এক অচেনা ইউরোপীয় শহরে যায়। স্ত্রী ক্যান্সারে আক্রান্ত এবং ভ্রমণের ধকল তাকে খুব দুর্বল করে দেয়। স্বামী চিন্তিত—তার অসুস্থতার কারণে অনাথ আশ্রম কর্তৃপক্ষ হয়তো শিশুটিকে তাদের হাতে তুলে দেবে না।
শহরে পৌঁছে তারা ওঠে বিশাল ও প্রায় জনশূন্য Borgarfjaroasysla Grand Imperial Hotel-এ। হোটেলের বার সব সময় খোলা। লবিতে দেখা মেলে নানা রহস্যময় মানুষের—এক বৃদ্ধ গায়িকা, এক উচ্ছৃঙ্খল ব্যবসায়ী এবং এক রহস্যময় বিশ্বাস-নিরাময়কারী।
এরপর শুরু হয় অদ্ভুত এক যাত্রা। বরফে জমে থাকা এই অচেনা জগতে কিছুই যেন স্বাভাবিক নয়। শিশুটিকে পাওয়ার চেষ্টা করতে করতে দম্পতিটি ধীরে ধীরে নিজেদের বিয়ে, নিজেদের পরিচয় এবং শেষ পর্যন্ত জীবন সম্পর্কেই সন্দিহান হয়ে পড়ে।
‘হোয়াট হেপেন্স এট নাইট’ তাই শুধু একটি শিশুকে দত্তক নেওয়ার গল্প নয়; এটি সম্পর্ক, পরিচয় ও বাস্তবতার সীমা নিয়ে তৈরি এক রহস্যময় মনস্তাত্ত্বিক যাত্রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









