মাত্র ২৭ বছর বয়সেই থেমে গেল ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের জীবন। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।
অনন্যার মৃত্যুর খবর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে পরিবার। বিবৃতিতে জানানো হয়, এক বছরেরও বেশি সময় ধরে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অনন্যা। প্রতিকূলতার মধ্যেও তিনি সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।
মৃত্যুর খবর জানিয়ে অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছে পরিবার। একই সঙ্গে শোকের এই সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও নীরবতার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে। পরিবারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যার অভিনয়জীবনের শুরু বলিউডে। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
শুধু চলচ্চিত্রেই নয়, বিভিন্ন জনপ্রিয় সংগীতচিত্রেও কাজ করেছেন অনন্যা। একাধিক শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেছিলেন অনন্যা। ২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে অভিনয় করেন তিনি। এতে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি. রবি শঙ্করের মতো শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করে নেন।
‘মাদ্রাজি গ্যাং’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অনন্যা। সিনেমাটিতে সারিতা চরিত্রে মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারীর ভূমিকায় দেখা যায় তাকে। গল্পে তার জীবন এক গ্যাংস্টারের সঙ্গে জড়িয়ে পড়ে।
ক্যারিয়ারের শুরুতেই সম্ভাবনার জানান দিয়েছিলেন অনন্যা। তবে পথচলা খুব বেশি দূর এগোনোর আগেই আকস্মিক মৃত্যুতে থেমে গেল তার অভিনয়জীবন। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









