অপেক্ষার অবসান হতে চলেছে ‘ফ্রোজেন’ ভক্তদের। জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ফ্রোজেন ৩’-এর প্রথম ঝলক প্রকাশ করেছে ডিজনি। নতুন এই সিনেমায় আনা ও ক্রিস্টফের রাজকীয় বিয়ের আয়োজন থাকলেও সেই আনন্দে হানা দেবে এক রহস্যময় নতুন খলনায়ক। সিনেমাটি ২০২৭ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি ডিজনির ডি২৩ ফ্যান ইভেন্টে সিনেমাটির প্রথম ফুটেজ দেখানো হয়। অনুষ্ঠানে আনা ও এলসার কণ্ঠশিল্পী ক্রিস্টেন বেল ও ইদিনা মেনজেল উপস্থিত ছিলেন। ক্রিস্টেন বেল জানান, এবার আনা ও এলসা তাদের জীবনের সবচেয়ে বড় অভিযানে পা রাখতে যাচ্ছে।
নতুন সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে আনা ও ক্রিস্টফের বিয়ে। দীর্ঘ প্রতীক্ষিত এই রাজকীয় বিয়েকে ঘিরে গল্পে তৈরি হবে উৎসবের আবহ। এমনকি প্রিয় তুষারমানব ওলাফের জীবনেও প্রেমের ছোঁয়া লাগতে পারে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হবে না।
প্রকাশিত প্রথম ঝলকে দেখা যায়, আনা ও ক্রিস্টফের বিয়ের আয়োজনে হানা দেয় এক রহস্যময় নতুন খলনায়ক। বরফে ঢাকা দুর্গম অঞ্চলের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় তুষারাবৃত পাহাড় থেকে নেমে আসে সে। দুই বোনকে উদ্দেশ করে তার সংলাপ, ‘অ্যারেনডেলের দুই বোন, অবশেষে আমাদের দেখা হলো।’ এরপরই গল্পে নতুন সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়।
আগের দুই কিস্তির মতো এবারও ইদিনা মেনজেল ও ক্রিস্টেন বেল যথাক্রমে এলসা ও আনার কণ্ঠে ফিরছেন। জশ গ্যাডের কণ্ঠে থাকছে ওলাফ এবং জোনাথন গ্রফ ফিরছেন ক্রিস্টফ চরিত্রে।
২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ফ্রোজেন’ বিশ্বব্যাপী প্রায় ১২৮ কোটি ডলার আয় করে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ফ্রোজেন ২’ আয় করে প্রায় ১৪৫ কোটি ডলার। ফলে তৃতীয় কিস্তি নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
প্রথমে ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও সিনেমাটি এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। জশ গ্যাডের মতে, নির্মাতারা তাড়াহুড়া করতে চান না। তাদের লক্ষ্য, নতুন সিনেমাটি যেন কেবল ব্যবসায়িক সাফল্যের জন্য তৈরি একটি সিক্যুয়েল না হয়ে আগের দুই কিস্তির গল্পের যথাযথ মর্যাদা ধরে রাখে।
দীর্ঘ অপেক্ষার পর ২০২৭ সালের ২৪ নভেম্বর বড় পর্দায় ফিরবে আনা, এলসা, ক্রিস্টফ ও ওলাফ। এরই মধ্যে দর্শকদের মনে তৈরি হয়েছে নতুন কৌতূহল—কে এই রহস্যময় খলনায়ক? আর অ্যারেনডেলের রাজপরিবারের জন্য তার পরিকল্পনাই বা কী?


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









