বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’ বক্স অফিসে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে সিনেমাটি। এর মধ্য দিয়ে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এটি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপিতে। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।
মুক্তির প্রথম দিন শুক্রবার সিনেমাটি ভারতে আয় করে ২২ কোটি রুপি। দ্বিতীয় দিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে। আর তৃতীয় দিন রোববার ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি আয় করে ২৬ কোটি রুপি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান টু’। প্রথম কিস্তিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সিনেমাটির মোট আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। নতুন কিস্তিটি মুক্তির প্রথম দিনেই সেই আয়কে ছাড়িয়ে যায়।
ইমরান হাশমির ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে ‘আওয়ারাপান টু’। তার ‘হক’ প্রথম দিনে ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল। এসব সিনেমাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছে ‘আওয়ারাপান টু’।
একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। তবে আয়ের দিক থেকে এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপান টু’।
নীতিন কক্কড় পরিচালিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









