বরিশালের গৌরনদী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন মোল্লা (২৩) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় আহত ওই যুবককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত নাসির মোল্লা আওয়ামী লীগের সরিকল ইউনিয়ন কমিটির সাবেক সদস্য ও স্থানীয় সাবেক মেয়রের ঘনিষ্ট সমর্থক হিসেবে পরিচিত।
উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন লোকমান হোসেন ও তার বাবা নিজাম মোল্লা জানান, পৈত্রিক ১৬ শতক জমি নিয়ে নাসির মোল্লার সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতিপূর্বে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অনুষ্ঠিত সালিশ বৈঠকে পৈত্রিক নথিপত্র পর্যালোচনা করে নিজাম মোল্লার পক্ষে সিদ্ধান্ত দেয়া হয়।
অভিযোগ অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজাম মোল্লা জমিতে কাজ করতে গেলে নাসির মোল্লা, তার দুই ছেলে লিক্সন ও লিকনসহ কয়েকজন তাকে জোরপূর্বক জমি থেকে তাড়িয়ে দেয়। খবর পেয়ে ছেলে লোকমান হোসেন ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানালে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে তার ওপর হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করে।
প্রতিপক্ষ ও পুলিশের বক্তব্য
তবে হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নাসির মোল্লা। তার দাবি, জমিটি প্রকৃতপক্ষে তাদের পৈত্রিক সম্পত্তি, যা নিজাম মোল্লা গংরা অন্যায়ভাবে দখল করে রেখেছে। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতেই তারা এখন হামলার নাটক সাজাচ্ছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









