টলিপাড়ার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায়ের পরিবারে এসেছে নতুন অতিথি। গায়িকা প্রশ্মিতা পাল ও অনুপম রায়ের ঘর আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে কার্ড প্রকাশ করে নিজেরাই সুখবরটি জানিয়েছেন এই সংগীত দম্পতি।
শেয়ার করা কার্ডে তারা লিখেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একটি ছেলে হয়েছে।’ খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন অনুপম-প্রশ্মিতা।
প্রশ্মিতা সন্তানসম্ভবা এমন গুঞ্জন সংগীত অঙ্গনে বেশ কিছুদিন ধরেই ছিল। তবে নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবরের মতোই নীরব ছিলেন তারা। এবার পুত্রসন্তানের জন্মের খবর জানিয়ে সেই জল্পনার অবসান ঘটালেন এই দম্পতি।
বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে
২০২৪ সালের ২ মার্চ ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি ও আইনি বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করেন অনুপম ও প্রশ্মিতা। এটি অনুপম রায়ের তৃতীয় বিয়ে। দীর্ঘদিন ধরে সংগীত অঙ্গনে একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মী থেকে তাদের মধ্যে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় পিয়া চক্রবর্তীর। গত বছরের জুনে পরমব্রত ও পিয়ার ঘরেও জন্ম নেয় এক পুত্রসন্তান। এবার অনুপম-প্রশ্মিতার পরিবারেও পুত্রসন্তান আসায় টলিপাড়ার নতুন প্রজন্মের এই ‘বেবি বয়’দের তালিকায় যুক্ত হলো আরও এক নাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









