দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার অভিনয়ের পাশাপাশি মোটরস্পোর্টসের সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত। এবার ইউরোপের রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছেন এই তারকা। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে তার রেসিং কারের তীব্র সংঘর্ষ হয়। তবে বড় ধরনের চোট থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে আন্তর্জাতিক এন্ডুরেন্স রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। রেস চলাকালে অজিতের গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে মুহূর্তের মধ্যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাড়িতে সজোরে ধাক্কা দেন তিনি।
সংঘর্ষের ধাক্কা ছিল বেশ তীব্র। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও নিরাপত্তাব্যবস্থার কারণে অজিত গুরুতর চোট থেকে রক্ষা পান। দুর্ঘটনার পর নিজেই নিরাপদে গাড়ি থেকে বের হয়ে আসেন অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি পেশাদার মোটরস্পোর্টসেও অজিতের পরিচিতি রয়েছে। ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ, ক্রাভেন্টিক ২৪-আওয়ার সিরিজ ও জিটি৪ ইউরোপিয়ান সিরিজের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। চলতি বছর ইতালির মুগেলো ১২ ঘণ্টার রেসে তার দল নবম স্থান অর্জন করে। পরে স্পা ও পল রিকার্ডের ১২ ঘণ্টার রেসেও অংশ নেন তিনি।
গতি ও রেসিংয়ের প্রতি ভালোবাসা থেকেই নিজের রেসিং দল ‘অজিত কুমার রেসিং’ গড়ে তুলেছেন এই অভিনেতা।
এর আগেও একাধিকবার রেসিং ট্র্যাকে দুর্ঘটনার মুখে পড়েছেন অজিত। ২০২৫ সালে ইতালিতে জিটি৪ ইউরোপিয়ান সিরিজে দুর্ঘটনার শিকার হন তিনি। একই বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় পোরশে স্প্রিন্ট চ্যালেঞ্জে তার গাড়ি পরপর দুইবার উল্টে যায়। তবে প্রতিবারই গুরুতর চোট এড়িয়ে রেসিংয়ে ফিরেছেন এই তারকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









