সিনেমার নাম ‘রিসেট’—আর শুটিং শুরুর আগেই যেন সত্যিই ‘রিসেট’ করতে হচ্ছে পুরো পরিকল্পনা। প্রিয়াঙ্কা চোপড়ার নতুন হলিউড সারভাইভাল থ্রিলার ‘রিসেট’ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কার সহশিল্পী ও সহ-নির্বাহী প্রযোজক অরল্যান্ডো ব্লুম। তার সরে দাঁড়ানোর সুনির্দিষ্ট কারণ অবশ্য এখনো জানা যায়নি। ফলে নতুন করে সহশিল্পী খুঁজতে হচ্ছে নির্মাতাদের।

জর্ডান রলিন্সের লেখা চিত্রনাট্যে ছবির গল্প এক নারীকে ঘিরে। প্রিয়াঙ্কার চরিত্রটি হঠাৎ গভীর জঙ্গলে জেগে ওঠে। কিন্তু সেখানে কীভাবে এলেন, তার কিছুই মনে থাকে না। বেঁচে থাকার জন্য তার একমাত্র ভরসা হয়ে ওঠে এক আকর্ষণীয় অপরিচিত পুরুষ। কিন্তু লোকটি সত্যিই যা দাবি করছে, সে কি আসলে তা-ই?
এই রহস্যময় চরিত্রেই অভিনয় করার কথা ছিল অরল্যান্ডো ব্লুমের। এখন তার জায়গায় কাকে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।
মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, সম্ভাব্য তিন অভিনেতাকে বিবেচনা করছেন নির্মাতারা। চূড়ান্ত সিদ্ধান্তে প্রিয়াঙ্কারও মতামত থাকবে বলে জানা গেছে।
ছবিটি একটি স্বাধীন প্রযোজনা। আন্তর্জাতিক তারকা হিসেবে প্রিয়াঙ্কা ও ব্লুমের উপস্থিতিকে কাজে লাগিয়েই বিশ্বব্যাপী পরিবেশনার অধিকার পাওয়ার পরিকল্পনা ছিল নির্মাতাদের। পরিচালক ম্যাট স্মাকলারও এর আগে দুজনের জুটির প্রশংসা করেছিলেন। তার ভাষায়, তাদের এমন এক রসায়ন আছে, যেখানে একই সঙ্গে আকর্ষণ ও অবিশ্বাস—দুই অনুভূতিই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।
অরল্যান্ডোর শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘটনা ভারতীয় দর্শকদের মনে করিয়ে দিতে পারে ‘ডন ৩’ নিয়ে সাম্প্রতিক বিতর্কের কথা। তবে এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা নিজেও একসময় ছিলেন। ২০১৮ সালে শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে সালমান খানের বিপরীতে ‘ভারত’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
পরিচালক আলি আব্বাস জাফর তখন সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা ‘নিক’-এর সময়েই তাকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরে তার জায়গায় আসেন ক্যাটরিনা কাইফ। একই সময় প্রিয়াঙ্কার ব্যক্তিজীবনেও আসে বড় পরিবর্তন—নিক জোনাসকে বিয়ে করেন তিনি।
এরপর হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা। ‘লাভ এগেইন’, ‘সিটাডেল’, ‘হেডস অব স্টেট’ ও ‘দ্য ব্লাফ’-এর মতো কাজের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে নিজেকে আরও প্রতিষ্ঠিত করেছেন তিনি।
‘রিসেট’ ছাড়াও সামনে প্রিয়াঙ্কার ঝুলিতে আছে ‘জাজমেন্ট ডে’, যেখানে থাকছেন উইল ফেরেল, জ্যাক এফ্রন ও রেজিনা হল।
ভারতীয় ছবিতেও ব্যস্ততা কমছে না। মীরা নায়ারের ‘আমরি’-তে অমৃতা শের-গিলের জীবনের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। আর এস এস রাজামৌলীর ‘বারাণসী’-তে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে বড় পর্দায় হাজির হওয়ার অপেক্ষায় আছেন এই তারকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









