পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’। বিশেষ করে সিনেমাটির চরিত্রগুলোর লুক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল। অবশেষে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার।
এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারে ভয়, রহস্য, মৃত্যু ও কালোজাদুর আবহ তুলে ধরা হয়েছে। শুরুতেই আয়নার সামনে থাকা এক নারীকে ঘিরে দেখা যায় অস্বস্তিকর দৃশ্য। এরপর বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাত, অন্ধকার জঙ্গলে রহস্যময় অবয়ব এবং কালোজাদুর বিভিন্ন আচারের দৃশ্য একে একে সামনে আসে।
টিজারে নাজিফা তুষীকে দেখা গেছে রহস্যময় ও বিপর্যস্ত এক নারীর চরিত্রে। তাকে ঘিরে থাকা অশুভ শক্তি ও কালোজাদুর ইঙ্গিত সিনেমাটির রহস্য আরও বাড়িয়েছে।
অন্যদিকে সিয়াম আহমেদের চরিত্র নিয়ে ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে টিজারে। কখনো তাকে লাশের সামনে চিন্তামগ্ন অবস্থায় দেখা গেছে, আবার কখনো দেখা গেছে অ্যাকশন দৃশ্যে। টিজারের শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—সিনেমায় তার চরিত্রের আসল পরিচয় কী?
টিজারে গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীকেও অল্প সময়ের জন্য দেখা গেছে। তবে তাদের উপস্থিতিতেও রহস্যের আবহ বজায় রাখা হয়েছে।
বড় পরিসরের আয়োজন ও তারকাবহুল অভিনয়শিল্পীদের কারণে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই ছিল। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান সিনেমাটির গল্প নির্মাণ করেছেন। রায়হান রাফীর পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষী, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনসহ আরও অনেকে।
টিজার প্রকাশের সঙ্গে সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









