বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর খেতাব জয় করেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টায় (স্থানীয় সময়) ভিয়েতনামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে।
বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মর্যাদাপূর্ণ এই বিজয়ের মুকুট নিজের নামে করে নেন ২৪ বছর বয়সী মোলা। বিজয়ী মোলাকে মুকুট পরিয়ে দেন গত আসরের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি।
ডোমিনিকান রিপাবলিকের ইতিহাসে এটি দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড মুকুট জয়। এর আগে দীর্ঘ চার দশক আগে, ১৯৮২ সালে মারিয়াসেলা আলভারেজ প্রথম প্রতিযোগী হিসেবে দেশটির হয়ে এই অনন্য গৌরব অর্জন করেছিলেন।
এবারের আসরে স্পেনের এলিজাবেথ রেইনস প্রথম রানার-আপ এবং মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানার-আপ হিসেবে নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের ছবি প্রকাশের পাশাপাশি মিস ওয়ার্ল্ডের ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে।
সান্তো ডোমিঙ্গোর ২৪ বছর বয়সি জোহেইরি মোলা একজন শিক্ষিকা, সাংবাদিক এবং সমাজকর্মী। ইবেরো-আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি নিয়েছেন তিনি। নিজ সম্প্রদায়ের শিশু ও তরুণদের ইংরেজি ভাষায় জ্ঞান প্রসারিত করার জন্য ‘ভয়েসেস অব টুমরো’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়েছেন। প্রকল্পটির লক্ষ্য—তরুণদের ভবিষ্যতের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা, আত্মবিশ্বাস এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করা।
মোলা ‘ডিস্ট্রিটো ন্যাসিওনাল’-এর প্রতিনিধিত্ব করে ২০২৫ সালে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক’ খেতাব জয় করেন। আমেরিকা ও ক্যারিবিয়ান মহাদেশের ‘টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হন।
ভিয়েতনামে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর ফাইনালে শীর্ষ ৪০ জনের মধ্যে স্থান করে নেওয়ার পর মুকুট জিতে নেন। মোলার কাজের প্রধান অংশ শিক্ষা। কারণ স্কুলে সাহিত্য এবং সমাজবিজ্ঞান পড়ান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









