উপস্থাপনা ও মডেলিংয়ের পরিচিত মুখ ইসরাত পায়েলের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। পরিবারের সম্মতিতে ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুখবরটি জানান পায়েল।
ছবিগুলোতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় তাকে। বিয়ের খবর জানিয়ে পায়েল লেখেন, “আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরী-র সাথে আমার বিয়ে হয়েছে।”
বিয়ের পর দাম্পত্যজীবন নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন তিনি। পায়েল লিখেছেন, “এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি।”
বিয়ের সময় নিয়ে কৌতূহলেরও অবসান ঘটিয়েছেন এই উপস্থাপক। নিজের পোস্টের মন্তব্যের ঘরে তিনি জানান, বিয়ে কয়েক দিন আগেই হয়েছে। সেখানে পায়েল লেখেন, “বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চায় সারাজীবন টিকে যাবে আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।”
ইসরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
দেশের ছোট পর্দা ও বড় বিভিন্ন আয়োজনের উপস্থাপনায় দীর্ঘদিন ধরেই নিয়মিত দেখা গেছে ইসরাত পায়েলকে। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য পাওয়ার পর নতুন করে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকের নজর কাড়েন পায়েল।
এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনাতেও সরব উপস্থিতি ছিল তার। ক্যারিয়ারে নানা আয়োজন ও মঞ্চ মাতানো এই উপস্থাপকের ব্যক্তিজীবনে এবার যুক্ত হলো দাম্পত্যের নতুন অধ্যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্যের মধ্য দিয়ে এই নতুন পথচলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ইসরাত পায়েল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









