পাবনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পাবনা শিল্পকলা একাডেমিতে পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, প্রশাসক, জেলা পরিষদ পাবনা; আমিনুল ইসলাম, জেলা প্রশাসক পাবনা; মো. আশরাফ হোসেন, পুলিশ সুপার পাবনা; পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব এবং পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এজন্য পৌরসভার বিভিন্ন এলাকায় নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “পাবনাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে হবে। অন্যান্য উন্নত শহরের মতো পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহ ও অপসারণের জন্য নির্দিষ্ট স্থান ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ না করে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পৌরসভা, প্রশাসন এবং নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “পরিচ্ছন্ন শহর গড়ার দায়িত্ব শুধু পৌরসভার নয়, এটি নাগরিকদেরও সামাজিক দায়িত্ব। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে পাবনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পাবনা পৌরসভা আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









