বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প ফের আলোচনায় এসেছে। একসময় নিজেদের সম্পর্ক আড়ালে রাখতে সংবাদকর্মীদের নজর এড়িয়ে চলতেন এই জনপ্রিয় জুটি।
সম্প্রতি ভারতের এক সাবেক সাংবাদিক দাবি করেছেন, ক্যাটরিনার সঙ্গে গোপনে দেখা করার সময় তাদের ছবি ধারণ করায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম কেড়ে নিয়েছিলেন রণবীর।
ওই সাংবাদিক জানান, রণবীর-ক্যাটরিনার প্রেমের সম্পর্কের শুরুর দিকের ঘটনা এটি। সংবাদকর্মীরা খবর পেয়ে আগে থেকেই ক্যাটরিনার বাড়ির নিচে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১২টা থেকে সেখানে অপেক্ষা করছিলেন তারা। রণবীর রাত দেড়টার দিকে বের হওয়ার সময় বুঝতে পারেন সাংবাদিকরা সেখানে রয়েছেন। এরপর ক্যাপ দিয়ে মুখ আড়াল করে গাড়িতে উঠে চলে যান।
তবে ঘটনার মূল চমক ঘটে কয়েক মিনিট পর। সাংবাদিকের দাবি, স্থানটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার সেখানে ফিরে আসেন রণবীর। তিনি সাংবাদিকদের গাড়ির দরজা খুলে ক্যামেরার ব্যাগ ও শব্দ ধারণের সরঞ্জাম নিয়ে নেন। সংবাদকর্মীরা পিছু না হটায় একপর্যায়ে সরঞ্জামগুলো ফেরত দিতে বাধ্য হন অভিনেতা।
ক্যাটরিনার বাড়িতে তাদের দেখা করার খবর কীভাবে পেয়েছিলেন, সেই ঘটনাও স্মরণ করেন ওই সাংবাদিক। তিনি জানান, রণবীর ও ক্যাটরিনা একটি শেষকৃত্যে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি খবর পান, দুজন ক্যাটরিনার বাড়িতে দেখা করতে যাচ্ছেন। তারা পৌঁছানোর আগেই সাংবাদিকরা সেখানে গিয়ে লুকিয়ে ছিলেন।
ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা ক্যামেরা চালু করেন। রণবীর গাড়ির কাচ নামিয়ে সাংবাদিকদের দেখতে পান। এরপর এমনভাবে আচরণ করেন, যেন তিনি শুধু ক্যাটরিনাকে বাড়িতে নামিয়ে দিতে এসেছেন।
উল্লেখ্য, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিং সেট থেকেই রণবীর ও ক্যাটরিনার প্রেমের সম্পর্কের শুরু। প্রায় ৭ বছর প্রেমের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে রণবীর আলিয়া ভাটের সঙ্গে এবং ক্যাটরিনা ভিকি কৌশলের সঙ্গে সংসার করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









