শাহরুখ খানের ‘কিং’ মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। মঙ্গলবার সিনেমাটি মুক্তির ১০০ দিন বাকি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানেই সিনেমাটিতে অরিজিৎ সিংয়ের গান থাকার ইঙ্গিত দেন তিনি।
এক ভক্ত শাহরুখকে ‘কিং’-এর একটি গান প্রকাশের অনুরোধ করেন। উত্তরে শাহরুখ জানান, অরিজিৎ সিং এখনো গানের শেষ কাজ করছেন। তিনি নিখুঁত কাজ করতে চান, তাই কিছুটা সময় লাগছে।
মুক্তির তারিখ নিয়েও এক ভক্ত প্রশ্ন করেন। ডিসেম্বরে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাওয়ার কথা উল্লেখ করে তিনি জানতে চান, ‘কিং’ কি অন্য সিনেমার মাঝে আটকে গেছে? মুক্তির তারিখ বদলানোর সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, মোটেও নয়। বরং অন্যদের তিনি রুটির টুকরোর সঙ্গে তুলনা করে নিজেকে মাঝখানের সুস্বাদু টিক্কি হিসেবে উল্লেখ করেন। তার কথায় স্পষ্ট, বক্স অফিসের এই প্রতিযোগিতা নিয়ে তিনি খুব একটা উদ্বিগ্ন নন।
আরেক ভক্ত শাহরুখের প্রিয় সুগন্ধি জানতে চাইলে তিনি নিজের একটি সুগন্ধির বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে বলেন, সেটি তার ‘সাফল্যের সুগন্ধি’।
‘কিং’ সিনেমায় প্রথমবার পর্দায় বাবা-মেয়ের ভূমিকায় নয়, বরং সহশিল্পী হিসেবে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে। সিনেমাটিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।
শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট গত বছরের নভেম্বরে তার ৬০তম জন্মদিনে ‘কিং’-এর নাম প্রকাশের ঝলক সামনে আনে। সেই ঝলকে ধীরে ধীরে ফুটে ওঠে এক অন্ধকার অতীতের মানুষ। ‘কিং’ নামে পরিচিত শাহরুখের চরিত্রটি একজন সাবেক গ্যাংস্টার। অতীতের দৃশ্যগুলোতে তাকে নির্মমভাবে মানুষ হত্যা করতে দেখা যায়। ভালো কিংবা মন্দ—কোনো পরিচয়ই যেন তার হাতে জীবনের নিশ্চয়তা হয়ে ওঠে না। ফলে সিনেমাটিতে তার চরিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য ও অন্ধকারের আবহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









