প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিবিসি এ তথ্য জানিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে জাপানে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন শতবর্ষী বা তার চেয়ে বেশি বয়সের মানুষ রয়েছেন, যা বিশ্বে সর্বোচ্চ। যাদের মধ্যে ৮৮ শতাংশই নারী।
সবচেয়ে বয়স্ক নারী হলেন কিয়োটো শহরের বাসিন্দা ১১৪ বছর বয়সী কিশিমোতো ফুয়ো এবং সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন কুমামোটোর বাসিন্দা ১১২ বছর বয়সী কাতো হিকারু।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো বলেন, “এত বিপুল সংখ্যক মানুষ দীর্ঘ, সুস্থ ও কর্মচঞ্চল জীবনযাপন করছেন—এতে আমি অত্যন্ত আনন্দিত।”
তবে তিনি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার ক্ষেত্রে দেশটির সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, সে বিষয়ে সতর্ক করেছেন।
বিশেষজ্ঞরা জাপানিদের দীর্ঘায়ু হওয়ার পেছনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কর্মচঞ্চল জীবনযাত্রাসহ বেশ কিছু কারণকে দায়ী করেন। রাষ্ট্রটির খাদ্যাভ্যাসে মূলত মাছ, শাকসবজি ও চালের প্রাধান্য থাকে।
এছাড়া বয়স্করা নিয়মিত হাঁটাচলা, গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো এবং শরীরচর্চামূলক স্ট্রেচিং বা ব্যায়াম করে থাকেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









