ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সময় হামলার শিকার হওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বাসায় গিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী।
পোস্টে বাঁধন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর ও তাঁর পরিবারের খোঁজ নিতে বাসায় এসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিমন্ত্রীর এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য তিনি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছেন।
কঠিন সময়ে রাষ্ট্রের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রশংসা করে বাঁধন বলেন, “এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে যেমন আশ্বস্ত করেছে, তেমনি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকেও আরও দৃঢ় করেছে। আমি বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। আর সেই জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন নাগরিকের আস্থার জায়গাটি আরও শক্তিশালী হয়।”
ইতালিতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার উল্লেখ করে তিনি আরও বলেন, “ইতালিতে সাম্প্রতিক কঠিন সময়ে বাংলাদেশ সরকার, মাননীয় সরকার প্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগ এবং দেশে-বিদেশে যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমার ও আমার পরিবারের খোঁজ নিয়েছেন এবং মানবিক সহায়তা ও সমর্থন দিয়েছেন—আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
অন্যায় ও বিভাজনের বিরুদ্ধে ঐক্যের ওপর জোর দিয়ে অভিনেত্রী বলেন, “এই অভিজ্ঞতা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না।”
সবশেষে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন আজমেরী হক বাঁধন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









