জেলবন্দি ইমরান খানের পাশে আবার দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটারেরা। পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন সাত অধিনায়ক। ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অ্যালান বর্ডারেরা।
ইমরানের সমর্থনে লেখা চিঠিতে বর্ডার ছাড়াও সই করেছেন গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়াহ।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কেরা। তারা চান, ইমরানের ব্যাপারে অস্ট্রেলিয়া সরকার কূটনৈতিক স্তরে যোগাযোগ করুক পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের সঙ্গে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হোক।
বর্ডার-চ্যাপেলেরা চিঠিতে লিখেছেন, ‘‘তারা কোনও রাজনৈতিক দাবি করছেন না। ইমরানের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক না অপরাধমূলক, তা নিয়েও কথা বলতে চান না। তারা শুধু ইমরানের চিকিৎসা, মানবিক এবং আইনি সহায়তাগুলো নিশ্চিত করতে চান।’’
এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব, ক্লাইভ লয়েডরাও পাকিস্তান সরকারকে চিঠি দিয়ে ইমরানকে সবরকম নিরাপত্তা দেওয়ার দাবি করেছিলেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে জাভেদ মিঁয়াদাদ, রমিজ রাজা, মইন খানেরা তাদের প্রাক্তন অধিনায়কের মুক্তি দাবি করেছেন।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে প্যাট কামিন্সও পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে মানবিক আচরণের দাবি তুলেছেন। ইমরানের জন্য ক্রমশ সরব হচ্ছে ক্রিকেটমহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









