প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে এসেছে মালয়ালম কলেজ হরর-কমেডি সিনেমা ‘মহারাজা হোস্টেল’। অখিল এনআরডি অভিনীত সিনেমাটি এখন অনলাইনে দর্শকদের জন্য উন্মুক্ত।
চারু ওয়াকান পরিচালিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অখিল এনআরডি, অখিল শাহ, শরৎ বাবু ও সজিন চেরুকাইল। এছাড়াও রয়েছেন চিত্রা নায়ার ও অ্যান মারিয়া।
‘মহারাজা হোস্টেল’-এর গল্প একদল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে ঘিরে। হোস্টেলে ওঠার পর তাদের স্বাভাবিক কলেজজীবনে ঘটে যায় অপ্রত্যাশিত নানা ঘটনা। একপর্যায়ে রহস্যময় কিছু ঘটনার মুখোমুখি হয় তারা। সিনেমাটিতে তরুণদের কলেজজীবনের অভিজ্ঞতার সঙ্গে মিশেছে হরর ও কমেডি।
প্রেক্ষাগৃহে মুক্তির সময় সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনাও হয়েছিল। পরে সিনেমার নবাগত অভিনয়শিল্পীরা দর্শকদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় আগে সিনেমাটি দেখে নিজেদের মতামত জানানোর অনুরোধ করেন।
তারা জানান, এটি তাদের অভিনয়জীবনের শুরুর দিকের কাজ। তাই অভিনয়ে কিছু ভুলত্রুটি থাকা স্বাভাবিক। সীমিত বাজেট ও সুযোগ-সুবিধার মধ্যেই নির্মাতারা নিজেদের সাধ্যমতো সিনেমাটি তৈরি করেছেন বলেও জানান তারা।
অভিনয়শিল্পীরা আরও বলেন, পরিচালক চারু ওয়াকানের নির্দেশনা অনুযায়ী তারা নিজেদের চরিত্রে অভিনয় করেছেন। এর আগে রিল তৈরির অভিজ্ঞতা থাকায় সেই অভিজ্ঞতাও তাদের অভিনয়ের ধরনে কিছুটা প্রভাব ফেলেছে।
এদিকে ‘মহারাজা হোস্টেল’ এখন অ্যামাজন প্রাইম ভিডিও ও আহা ওটিটিতে স্ট্রিমিং হচ্ছে। ফলে প্রেক্ষাগৃহের পর দর্শকরা এবার অনলাইনেও সিনেমাটি দেখতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









