বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বলিউড তারকা সালমান খান। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাকে উদ্বিগ্ন মুখে ঘোরাফেরা করতে দেখা গেছে।
সংবাদ সংস্থা পিটিআইকে একটি সূত্র জানায়, সকালে সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
৯০ বছর বয়সী সেলিম খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন বলিউড। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিকটবর্তী হওয়ায় দ্রুত লীলাবতী হাসপাতালেই তাকে ভর্তি করা হয়।
সমালোচকদের মতে, হিন্দি চলচ্চিত্রে সেলিম খান এক কিংবদন্তি নাম। লেখক জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে তিনি সত্তরের দশকে বলিউডে এক নতুন ধারা সৃষ্টি করেন। তাদের লেখা ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো সিনেমা আজও ক্ল্যাসিক হিসেবে বিবেচিত। এই জুটির হাত ধরেই হিন্দি সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রের উত্থান, যাকে পর্দায় জনপ্রিয় করে তোলেন অমিতাভ বচ্চন।
দীর্ঘ কর্মজীবনে বহু জনপ্রিয় সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখে তিনি বলিউডে অমোচনীয় ছাপ রেখেছেন।
ব্যক্তিজীবনে সেলিম খান প্রথমে সালমা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের চার সন্তান—সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরে তিনি অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন।
গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছর পূর্ণ করেন সেলিম খান। জন্মদিনে পুরো পরিবার এক হয়েছিল। সেই উদ্যাপনের কয়েক মাসের মধ্যেই তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার ভক্ত ও সহকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









