জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন। মায়ের ভয়ে সেই প্রস্তাবে সাড়া দেওয়া তো দূরের কথা, চিঠিটিই ছিঁড়ে ফেলেছিলেন ছোটপর্দার এই অভিনেত্রী।
সম্প্রতি শান্তা জাহানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শৈশবের সেই ঘটনা নিয়ে কথা বলেন সাদিয়া জাহান প্রভা।
ঘটনা বর্ণনা করে তিনি বলেন, “ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে দিয়েছিল, সে-ও মনে হয় সেভেন-এইটে পড়ত। সে-ও ছোটই ছিল। চিঠি পাওয়ার পর ভীষণ ভয় পেয়েছিলাম। আমার শুধু মনে হচ্ছিল, আম্মু মারবে। তাই সেই চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।”
চিঠির কোনো জবাব দিয়েছিলেন কি না জানতে চাইলে প্রভা বলেন, “না, একদমই না। ওই ছেলেটিও পরে আর যোগাযোগ করেনি। আমাদের আর কখনো দেখাও হয়নি।”
পরিবার থেকে শাসন করত কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “ছোটবেলা থেকে শুধু শাসনই করত। এটা এখনো করে থাকে। আমি ভাত না খেলেও মা বকা দিতেন। আর এখন বেশি খেলে বলবেন, এত খেয়ো না, মোটা হয়ে যাবে।”
তবে বাবার কাছ থেকে কখনো তেমন শাসন পাননি উল্লেখ করে প্রভা বলেন, “মা শাসন করলেও বাবা কখনই শাসন করতেন না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









