পাকিস্তানের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয়তা পাওয়া ‘তেরে বিন’র দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের অপেক্ষার যেন শেষ নেই। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদিকে আবার একসঙ্গে পর্দায় দেখার আশায় রয়েছেন ভক্তরা।
তবে নির্মাতাদের পক্ষ থেকে তেমন কোনো জোরালো আপডেট না থাকায় সময়ের সঙ্গে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। একপর্যায়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে, হয়তো নীরবে বাতিলই হয়ে গেছে ‘তেরে বিন ২’।
তবে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এমন আশঙ্কার কারণ নেই। ‘তেরে বিন ২’র কাজ এখনো বহাল রয়েছে। চলতি বছরের অক্টোবরের শেষভাগে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এমনকি দৃশ্যধারণের সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
যদিও মূল প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই আপাতত বিষয়টিকে জোরালো গুঞ্জন হিসেবেই দেখছেন নাটকসংশ্লিষ্টরা।
এদিকে মাহিরা খানের সঙ্গে নিজের নতুন পাকিস্তানি নাটক ‘মিঠিং দে বাওয়ে’র শুটিং শেষ করেছেন ওয়াহাজ আলী। ফলে ‘তেরে বিন ২’র শুটিংয়ের নতুন খবরটি সত্যি হলে, হাতে থাকা কাজ শেষ করে এবার এই জনপ্রিয় নাটকের দ্বিতীয় সিজনে মনোযোগ দেবেন তিনি।
অন্যদিকে ইয়ুমনা জায়েদির হাতেও রয়েছে নতুন কাজ। আহাদ রেজা মীরের বিপরীতে ‘ক্যাফে ফিরাক’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে।
উল্লেখ্য, ‘তেরে বিন’র প্রথম সিজন শেষ হওয়ার পরই দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। পরে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদির ছবি প্রকাশ করে তাদের জনপ্রিয় চরিত্র ‘মুর্তাসিম’ ও ‘মীরব’র প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









