বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন শাহরুখ খান।
বৃহস্পতিবার নানার মৃত্যুর পর এক্সে (সাবেক টুইটার) তিনি স্মরণ করেছেন তাদের প্রথম সাক্ষাৎ, নানার সরাসরি কথা বলার স্বভাব এবং নিজস্ব ঢঙে ভালোবাসা প্রকাশের কথা।
প্রথম সাক্ষাতের স্মৃতি মনে করে শাহরুখ লেখেন, ‘‘প্রথম যখন তার সঙ্গে দেখা হয়, সম্ভ্রম আর আড়ষ্টতা থেকে আমি নিজের চুল নিয়ে নাড়াচাড়া করছিলাম। তিনি আমার হাত সরিয়ে দিয়ে বললেন, হিরোর মতো চুল ঠিক করিস না... তুই অভিনেতা!”
তিনি লেখেন, ‘‘তিনি তোষামোদ করতেন না। আপনি যা শুনতে চান, তা বলতেন না। যা শোনা আপনার দরকার, তা-ই বলতেন। এমনই ছিলেন নানা। সোজাসাপ্টা, রুক্ষ, সৎ আর তার হাসিটা ছিল সবচেয়ে সুন্দর।’’
শাহরুখ আরও লেখেন, ‘‘ভালোবাসা প্রকাশের তার একটা অদ্ভুত ধরন ছিল। আগে চেঁচামেচি করতেন, তারপর তৃতীয় বা চতুর্থ গালির মাঝামাঝি কোনো এক সময়ে টের পেতেন, আপনাকে জড়িয়ে ধরা হয়েছে। তিনি আমাকে ভালোবাসতেন, আমিও তাকে ভালোবেসেছি।’’
শাহরুখ নানাকে স্মরণ করেছেন পথপ্রদর্শক, শিক্ষক, সমালোচক ও বন্ধু হিসেবে। ক্যারাম খেলার স্মৃতিও টেনেছেন তিনি।
শাহরুখ লেখেন, ‘‘তিনি ছিলেন পথপ্রদর্শক, শিক্ষক, সমালোচক আর এমন এক বন্ধু, যিনি ক্যারামের একের পর এক দান আমাকে এবং আশপাশের সবাইকে হারিয়েছেন এবং জয়ের স্বাদ উপভোগ করেছেন।’’
তিনি বলেন, ‘‘নানার উপস্থিতি, হাসি ও স্নেহ তাকে চেনা সবার মনেই থেকে যাবে।’’
শাহরুখ আরও লেখেন, ‘‘নানা, আপনার তীব্রতা, হাসি, পাগলামি আর ভালোবাসা সব সময় আমাদের সঙ্গে থাকবে। শুধু ইচ্ছা করছে, আরও কিছু কথোপকথনের সময় যদি পেতাম, আরেকটা তর্ক, আরেক কাপ চা আর এক দান ক্যারাম। আপনি শুধু সিনেমার জগতে নয়, সব ভারতীয়ের হৃদয়ে এবং বিশ্বজুড়ে এক শূন্যতা রেখে গেলেন।’’
তিনি বলেন, ‘‘আমি শুধু এটুকু বলতে পারি, আপনাকে খুব মনে পড়বে, আর আপনার কথাগুলো আমি মৃত্যু পর্যন্ত বুকে বয়ে বেড়াব... ‘হিরো হওয়ার চক্করে অভিনেতাকে হারিয়ে ফেলিস না।’ আপনার আত্মা শান্তিতে থাকুক নানা, আল্লাহ আপনাকে রহমত করুন।’’
শাহরুখ শ্রদ্ধাঞ্জলি শেষ করেছেন নানাকে একজন দক্ষ অভিনেতা ও দুর্দান্ত ক্যারাম খেলোয়াড় হিসেবে স্মরণ করে। তিনি বলেন, ‘‘স্বর্গ আপনাকে পেয়ে ধন্য হবে... একজন নিপুণ অভিনেতা আর অপরাজেয় ক্যারাম চ্যাম্পিয়ন। আপনাকে ভালোবাসি, খুব মনে পড়বে!! অনেক তাড়াতাড়ি চলে গেলেন, আমার হিরো অ্যাক্টর! বিদায়।’’
উল্লেখ্য, শাহরুখ খান ও নানা পাটেকর একসঙ্গে কাজ করেছেন আজিজ মির্জা পরিচালিত ১৯৯২ সালের রোমান্টিক কমেডি ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবিতে। ২০০২ সালের ‘শক্তি: দ্য পাওয়ার’ ছবিতেও তারা একসঙ্গে অভিনয় করেছেন।
গোয়ায় নিজের বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









