রণবীর কাপুর ও যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির আগেই যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সাড়া ফেলেছে। অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর দেশটিতে ছবিটির আয় ১ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ৫ লাখ রুপি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর ১ হাজার ৪৩০টি প্রদর্শনীর জন্য ৫ হাজার ২০০টি টিকিট বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে ১ লাখ ১১ হাজার ৪০০ মার্কিন ডলার।
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির প্রায় ১৯ দিন আগেই যুক্তরাষ্ট্রে টিকিট বিক্রি শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ছবিটির আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে আইম্যাক্সসহ উন্নত প্রযুক্তির প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে টিকিট বিক্রিতে ছাড়ের ব্যবস্থাও করেছে টিকিট বিক্রির প্রতিষ্ঠান ফ্যানডাঙ্গো।
এদিকে, সিনেমাটির দ্বিতীয় ট্রেলার এবং প্রধান দুই অভিনেতার নতুন চরিত্রের পোস্টার প্রকাশের পর আলোচনা আরও বেড়েছে। একটি পোস্টারে রণবীর কাপুরকে রামের ভূমিকায় এবং অন্যটিতে যশকে রাবণের চরিত্রে দেখা গেছে।
প্রাথমিক বাণিজ্যিক পূর্বাভাসে ভারতে ছবিটির উদ্বোধনী আয় নিয়েও বড় প্রত্যাশার কথা বলা হচ্ছে। তবে মুক্তির পর প্রকৃত আয় কেমন হবে, তা নির্ভর করবে দর্শকদের প্রতিক্রিয়া ও প্রেক্ষাগৃহে টিকিট বিক্রির ওপর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









