ভারতীয় খাবারের মধ্যে মালাই কোফতা কারি বেশ জনপ্রিয়। পনির, আলু, কাজু ও ক্রিম দিয়ে তৈরি এই পদটি ঘন, মসৃণ ও সুস্বাদু। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করা যায় এটি। উৎসব, পারিবারিক আয়োজন কিংবা বিশেষ দিনের খাবারে রাখতে পারেন মালাই কোফতা কারি।
উপকরণ
পনির ১০০ গ্রাম
আলু ১০০ গ্রাম
কাজুবাদাম ১০০ গ্রাম
পেঁয়াজ ২০০ গ্রাম
টমেটো ৩টি
কাঁচামরিচ ৩টি
আদাবাটা ৩ টেবিল চামচ
রসুনবাটা ৩ টেবিল চামচ
ভুট্টার আটা ৩ টেবিল চামচ
গরম মসলার গুঁড়া ২ চা চামচ
ঘি ও তেল পরিমাণমতো
লাল মরিচের গুঁড়া ও লবণ স্বাদমতো
ফ্রেশ ক্রিম ১০০ মিলিলিটার
ধনেপাতা সামান্য
যেভাবে তৈরি করবেন
প্রথম ধাপ: সেদ্ধ আলু ও পনির একসঙ্গে মেখে নিন। এতে লাল মরিচের গুঁড়া, লবণ ও ধনেপাতা মিশিয়ে ছোট ছোট গোল বল তৈরি করুন।
দ্বিতীয় ধাপ: বলগুলো ভুট্টার আটায় গড়িয়ে গরম তেলে সোনালি করে ভেজে নিন। এরপর অতিরিক্ত তেল ঝরিয়ে আলাদা করে রাখুন।
তৃতীয় ধাপ: গরম পানিতে পেঁয়াজ, কাজুবাদাম ও কাঁচামরিচ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এরপর টমেটো দিয়ে সব উপকরণ মিহি করে বেটে নিন।
চতুর্থ ধাপ: একটি প্যানে ঘি গরম করে আদা ও রসুনবাটা দিয়ে কষিয়ে নিন। এবার পেঁয়াজ, কাজু ও টমেটোর মিশ্রণ দিয়ে ভালোভাবে রান্না করুন। গরম মসলার গুঁড়া, লবণ ও ফ্রেশ ক্রিম যোগ করে প্রয়োজনমতো পানি দিয়ে ঘন ঝোল তৈরি করুন।
পঞ্চম ধাপ: পরিবেশনের আগে ঝোলে ভাজা কোফতাগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিন। ওপর থেকে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









