টেলিভিশন নাটকের জনপ্রিয় দুই মুখ দীপা খন্দকার ও রিচি সোলায়মান দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও একসঙ্গে অভিনয় করলেন। তাদের এই পুনর্মিলন ঘটছে ‘ভালোবাসার অন্য নাম তুমি’ শিরোনামের একটি নাটকে, যা পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
দুই অভিনেত্রীকে একসঙ্গে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নির্মাতা বলেন, গল্পের দুটি প্রধান চরিত্রের জন্য দীপা ও রিচিই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। তাদের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং পারস্পরিক বোঝাপড়াই এই কাস্টিংয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। তার মতে, ভালো কাজের জন্য শিল্পী ও পরিচালকের মধ্যে আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দীপা খন্দকার জানান, তার ও রিচির একসঙ্গে কাজের সংখ্যা খুব বেশি নয়। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকার পরিচালনায়, যার শুটিং হয়েছিল প্রায় সাত বছর আগে। এবারের কাজের বিশেষ দিক হিসেবে তিনি উল্লেখ করেন তাদের অভিনয়জীবনের শুরুতে যাদের সঙ্গে কাজ করেছেন, সেই সমসাময়িক ও জ্যেষ্ঠ অনেক শিল্পীর উপস্থিতি এই নাটকে একধরনের পুনর্মিলনের আবহ তৈরি করেছে। শুটিংয়ের ফাঁকে গল্প ও আড্ডায় সময় কেটেছে বেশ আনন্দময় পরিবেশে।
নাটকটি প্রসঙ্গে দীপা বলেন, এটি মূলত একটি প্রেমের গল্প। চয়নিকা চৌধুরী প্রেমকেন্দ্রিক গল্প নির্মাণে বিশেষ দক্ষতার পরিচিত আবেগ, সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন ও মানবিক অনুভব এই কাজেও রয়েছে।
ইফফাত আরেফিন মাহমুদের রচনায় নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









