বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী কবির বাহিয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার কবিরের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি প্রকাশ করে ভালোবাসামাখা শুভেচ্ছা জানিয়েছেন কৃতি। ছবির সঙ্গে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে কিউটি’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কবিরের জন্মদিন উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তার একটি ছবি শেয়ার করেন কৃতি। ছবিতে সমুদ্রসৈকতের পাশে সূর্যাস্তের পটভূমিতে মজার ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় কবিরকে। ছবির সঙ্গে একটি লাল হৃদয় ও নজরকাড়া ইমোজিও যুক্ত করেন অভিনেত্রী।
কৃতির এই ছোট্ট শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের অনেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন।
এদিকে কৃতির বোন নূপুর স্যাননও কবিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ করে নূপুর লেখেন, কবির যেন সব সময় হাসিখুশি থাকেন এবং তার ইতিবাচক শক্তি ছড়িয়ে দেন।
কৃতি ও কবিরের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শুরু ২০২৪ সালে। সে সময় গ্রিসের মাইকোনোসে কৃতির জন্মদিন উদ্যাপনে কবিরকে দেখা যাওয়ার পর তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, উৎসব ও সামাজিক আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে।
কবির বাহিয়া যুক্তরাজ্যভিত্তিক একজন ব্যবসায়ী। তিনি ওয়ার্ল্ডওয়াইড এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। তার বাবা কুলজিন্দর বাহিয়া যুক্তরাজ্যের ভ্রমণ প্রতিষ্ঠান সাউথহল ট্রাভেলের মালিক।
এর আগে এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের জবাবে কৃতি জানিয়েছিলেন, বিয়ের আগে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তিনি।
তবে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এমন আন্তরিক শুভেচ্ছা বিনিময় ভক্তদের মধ্যে সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে। যদিও কৃতি ও কবির কেউই এখন পর্যন্ত তাদের প্রেমের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









