ঈদের মুক্তির মিছিলে থাকা বড় তারকাদের সিনেমার মধ্যে বাকি ছিল ‘রাক্ষস’–এর পোস্টার ও টিজার। এক দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার ও শুক্রবার এল দুটোই।
গত বৃহস্পতিবার প্রথম আসে পোস্টারে, যেখানে দেখা যায়, সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে,চেয়ারে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক সিয়াম আহমেদ।
এরপর সন্ধ্যায় প্রযোজনা সংস্থা রিয়াল এনার্জি প্রোডাকশনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আসে টিজার। সিয়ামের মারকাটারি অবতার, সুস্মিতা চট্টোপাধ্যায়ের সৌন্দর্যের ঝলক পলক ফেলতে দেয়নি।
সিনেমাটি নিয়ে প্রযোজক শাহরিন আক্তার বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। রাক্ষস সিনেমায় পাগলাটে প্রেমের গল্পর সঙ্গে রয়েছে ফ্যামিলি ড্রামা।
এর আগে সিনেমাটি নিয়ে নির্মাতা বলেছিলেন, ‘রাক্ষস’-এ ক্রেজি লাভ স্টোরি আছে। এরকম ক্রেজি লাভ স্টোরি গেল কয়েক বছরে ঢালিউড-টলিউডে দেখা যায়নি। প্রচণ্ড পরিমাণ ব্রুটাল সিকোয়েন্স, ভায়োলেন্স আছে। সব মিলিয়ে দর্শক নতুন কিছু দেখবেন।
ছবিটির আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। নির্মাতারা জানিয়েছেন, শুধু নাতালিয়া নয়, ছবিটিতে আরও অনেক চমক রয়েছে। খুব শিগগির ছবিটি সেন্সরেও জমা পড়বে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









