বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ -এর শুটিং শেষের দিকে। এর ফাঁকেই নতুন চিত্রনাট্য পড়ারও চেষ্টা করছেন। অপ্রত্যাশিতভাবে রোমান্টিক-ড্রামা ঘরানার একটি সিনেমারও প্রস্তাব এসেছে তার কাছে।
একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, বড় বাজেটের, পুরোনো ধাঁচ ও পরিণত রোমান্টিক-ড্রামা সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছে শাহরুখ খানকে; যা ইন্ডাস্ট্রির অনেককেই অবাক করতে পারে। হঠাৎ করে আসা এই চিত্রনাট্য শাহরুখ খানের খুবই পছন্দ হয়েছে। এটি খুবই গুরুত্বসহকারে বিবেচনা করছেন তিনি।
নতুন সিনেমার খবরে শাহরুখ ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়েছে। কারণ তিনি আবার সেই রোমান্সে ফিরতে আগ্রহী; যা একসময় তার তারকাখ্যাতির মূল ভিত্তি ছিল। সূত্রটি জানায়, এটি তার আগের চরিত্রগুলোর পুনরাবৃত্তি নয়, এটি বয়স-উপযোগী একটি গল্প, যেখানে পরিণত ভালোবাসার জগৎকে গভীর আবেগ এবং নাটকীয়তার সঙ্গে তুলে ধরা হয়েছে। এই সিনেমায় তাকে আবারও রোমান্সের প্রতীক হিসেবে দেখা যাবে।
সবকিছু ঠিক থাকলে সিনেমাটি পরিচালনা করবেন ভারতের শীর্ষস্থানীয় একজন পরিচালক। যদিও তার নাম আপাতত গোপন রাখা হয়েছে।
তবে এ সিনেমায় কাজের বিষয়টি এখনো চূড়ান্ত করেননি শাহরুখ। এ তথ্য স্মরণ করে সূত্রটি বলেন, “ফারাহ খান পরিচালিত সিনেমা ও নতুন রোমান্টিক সিনেমার কাজ নিয়ে শাহরুখ খান খুবই উচ্ছ্বসিত। জুন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শাহরুখ খান; যাতে দুটো স্ক্রিপ্ট ও তাদের অগ্রগতি বিচার করার জন্য পর্যাপ্ত সময় পান। পাশাপাশি ইন্ডাস্ট্রির আরও অনেক শীর্ষস্থানীয় নির্মাতার সঙ্গে দেখা করছেন শাহরুখ খান।”
রোমান্টিক ঘরানার সিনেমায় পুনরায় শাহরুখের অভিনয়ের কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “টানা অ্যাকশনধর্মী সিনেমা উপহার দেওয়ার কারণে শাহরুখ খান এখন শারীরিকভাবে বেশি কষ্টকর চরিত্র থেকে কিছুটা বিরতি নিতে চান। কারণ গত কয়েক বছরে ছোটখাটো বেশ কিছু চোট পেয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শও রয়েছে। তাই এই রোমান্টিক ড্রামার প্রস্তাব তার কাছে সঠিক সময়ে এসেছে। ‘কিং’ সিনেমা মুক্তির পরই তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ। সম্ভবত ২০২৭ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে শুটিং শুরু হতে পারে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









